প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 2, 2026 ইং
মনোনয়ন যাচাই শেষে আ. লীগ–শ্রমিক লীগ নেতারা আটক

পাবনা-১ (সাঁথিয়া–বেড়া আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নেওয়ার পর দুই আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ২ জানুয়ারি বিকেলে মনোনয়ন যাচাই শেষে পাবনা জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হওয়ার সময় তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌর শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন। পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাঁথিয়া থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, অধ্যাপক আবু সাইয়িদ ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন বাকশালের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৬ সালে পাবনা-১ আসন থেকে নির্বাচিত হয়ে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং ১/১১ পরবর্তী সময়ে সংস্কারপন্থী হিসেবে দল থেকে বহিষ্কৃত হন। পরবর্তীতে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হলেও রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD